ঝাড়খণ্ডে বাংলার পরিযায়ী শ্রমিক খুনে তোলপাড়: হেমন্ত সোরেনকে ফোন অভিষেকের!

ঝাড়খণ্ডে কাজ করতে গিয়ে মুর্শিদাবাদের বেলডাঙার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের রহস্যমৃত্যুর ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে। ঝাড়খণ্ডের একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারের খবর আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। অভিযোগ, ফেরি করার সময় তাঁকে হেনস্থা করা হয়েছিল। এই উত্তপ্ত পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন এবং শোকাতপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
ঘটনার গুরুত্ব বুঝে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সরাসরি ফোন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দোষীদের চিহ্নিত করে দ্রুত কঠোর শাস্তির দাবি জানান। জবাবে হেমন্ত সোরেন আশ্বস্ত করেছেন যে, ঝাড়খণ্ড পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে। বর্তমানে বেলডাঙায় পুলিশি টহল চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।