ভোটের আগে বাংলার রেলে রেকর্ড বরাদ্দ, এনজেপিতে আইটি হাব তৈরির মেগা ঘোষণা অশ্বিনী বৈষ্ণবের
January 16, 20268:47 pm

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের পরিকাঠামো উন্নয়নে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুক্রবার নিউ জলপাইগুড়ি স্টেশন পরিদর্শন করে তিনি জানান, অমৃতভারত প্রকল্পের অধীনে এনজেপি-কে আন্তর্জাতিক মানের স্টেশন হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই স্টেশনে প্ল্যাটফর্মের সংখ্যা বাড়িয়ে ১০ করা হবে এবং ট্রেনের রক্ষণাবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করা হবে।
একইসঙ্গে রেলমন্ত্রী জানান, ভুবনেশ্বরের আদলে এনজেপিতে একটি অত্যাধুনিক আইটি হাব তৈরি করা হবে যা উত্তরবঙ্গের আর্থ-সামাজিক চিত্রে বড় বদল আনবে। শনিবার মালদহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২টিরও বেশি নতুন রেল পরিষেবার উদ্বোধন করবেন। উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার এই স্টেশনকে কেন্দ্র করে রেলের এই বিশাল কর্মযজ্ঞ স্থানীয় কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দিশা দেখাবে।