রাঁচীর ইডি দফতরে পুলিশি অভিযান ‘পূর্বপরিকল্পিত’, ঝাড়খণ্ড হাই কোর্টের নির্দেশে তোলপাড়

ঝাড়খণ্ডের রাঁচীতে ইডি দফতরে পুলিশের অভিযানকে ‘পূর্বপরিকল্পিত’ বলে কড়া পর্যবেক্ষণ জানাল ঝাড়খণ্ড হাই কোর্ট। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে চলা পুলিশি তদন্ত আপাতত স্থগিত রাখতে হবে। একইসঙ্গে ইডি দফতর ও কর্মীদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে রাঁচীর পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার খাতিরে প্রয়োজনে আধাসামরিক বাহিনী মোতায়েনের কথাও বলেছে আদালত।
প্রসঙ্গত, জল সরবরাহ দুর্নীতি মামলায় এক অভিযুক্তকে মারধরের অভিযোগে ইডি দফতরে হানা দিয়েছিল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য ও কেন্দ্রের সংঘাত চরমে পৌঁছয়। পশ্চিমবঙ্গের আইপ্যাক কাণ্ডেও সম্প্রতি সুপ্রিম কোর্ট পুলিশি তদন্তে স্থগিতাদেশ দিয়েছে। দুই রাজ্যেই কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দেওয়ার অভিযোগে বিচারব্যবস্থার এই হস্তক্ষেপ রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।