মেসিকে কলকাতায় আনার কারিগর শতদ্রু দত্ত মুক্ত! ৩৭ দিন পর জামিন ঘিরে তোলপাড়
January 19, 20265:52 pm
অবশেষে দীর্ঘ ৩৭ দিন কারাভোগের পর ১০ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তী জামিন পেলেন শতদ্রু দত্ত। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার অভিযোগে কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বিধাননগর থানায় দায়ের হওয়া স্বতঃপ্রণোদিত মামলায় তাঁর বিরুদ্ধে বিপুল আর্থিক লেনদেন ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছিল। তদন্তের স্বার্থে তাঁর ২২ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে বিশেষ তদন্তকারী দল (SIT)।
আদালতে সওয়াল চলাকালীন শতদ্রুর আইনজীবী যুক্তি দেন যে, একই ঘটনায় অন্য অভিযুক্তরা জামিন পেলেও তাঁকে কেন আটকে রাখা হবে। যদিও পুলিশের পক্ষ থেকে তাঁর পলায়নের আশঙ্কা প্রকাশ করে জামিনের বিরোধিতা করা হয়েছিল, তবে আদালত শেষ পর্যন্ত তা মঞ্জুর করে। উল্লেখ্য, আর্জেন্তাইন তারকা লিওনেল মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা হিসেবেই পরিচিত এই শতদ্রু দত্ত।