২২ গজের যুদ্ধের আগে গহীন জঙ্গলে সূর্য-রিঙ্কুরা: বাঘ না মিললেও দেখা দিল কে?

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে প্রস্তুতির ফাঁকে মধ্যপ্রদেশের পেঞ্চ টাইগার রিজার্ভে রোমাঞ্চকর জঙ্গল সাফারি সারলেন সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং ও সঞ্জু স্যামসনরা। সোমবার ছুটির মেজাজে দলের পাঁচ তারকা ক্রিকেটার বন্যপ্রাণী বিশেষজ্ঞের তত্ত্বাবধানে বনের জীববৈচিত্র্য ও পশুদের আচরণ সম্পর্কে সম্যক ধারণা নেন। টিম ইন্ডিয়ার এই তারকাদের হাতের নাগালে পেয়ে স্থানীয় পর্যটক ও বনকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
সফরে বাঘের দেখা না মিললেও ভারতীয় ক্রিকেটাররা একটি চিতাবাঘের দেখা পেয়েছেন, যা তাদের সাফারিকে স্মরণীয় করে তুলেছে। ওয়ানডে সিরিজের হারের ধাক্কা সামলে উঠে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ড্রেস রিহার্সাল হিসেবে এই সিরিজটিকে পাখির চোখ করছে ভারত। সাফারির আনন্দ শেষে কড়া নিরাপত্তার ঘেরাটোপে ক্রিকেটাররা নাগপুরে ফিরেছেন। বুধবার নাগপুরের স্টেডিয়ামে কিউইদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া।