নাম বদলে রামের নামে প্রকল্প? প্রতিবাদে বালুরঘাটে অনশনে কংগ্রেস নেতৃত্ব

১০০ দিনের কাজের প্রকল্পের নাম পরিবর্তন এবং শ্রম কোড বাতিলের দাবিতে বালুরঘাটে ব্যাপক বিক্ষোভ শুরু করল দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিইউসি। প্রকল্পের নাম বদলে ‘জি রাম জি’ করার প্রস্তাবের তীব্র বিরোধিতা করার পাশাপাশি শ্রমিকদের দৈনিক মজুরি ন্যূনতম ৪০০ টাকা করার দাবি তোলা হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া পাঁচ ঘণ্টার এই প্রতীকী অনশন কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিন প্রতিবাদ সভা শেষে জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন আইএনটিইউসি সভাপতি রতন সরকার ও অন্যান্য নেতৃবৃন্দ। গত ১০ই জানুয়ারি থেকে দেশজুড়ে চলা ‘মনরেগা বাঁচাও’ কর্মসূচির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। শ্রমিক স্বার্থ রক্ষায় আগামী ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।