স্বাস্থ্যবিমায় ক্লেম করে মিলছে না পুরো টাকা, জিএসটি ছাড়ের সুফল কার্যত লুটছে বিমা সংস্থাগুলি

বেসরকারি চিকিৎসার ব্যয়বহুল খরচ সামলাতে আমজনতা যখন স্বাস্থ্যবিমায় ভরসা খুঁজছেন, তখন বিমা সংস্থাগুলির ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। আইআরডিএআই-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ক্লেম করা টাকার প্রায় ৩০ শতাংশই গ্রাহকদের মেটাচ্ছে না সংস্থাগুলি। অর্থাৎ ১০০ টাকা দাবি করলে গ্রাহক হাতে পাচ্ছেন মাত্র ৭০ টাকা, বাকিটা ‘নিয়মের কলকাঠি’তে কেটে নেওয়া হচ্ছে। প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি কমিয়ে শূন্য করা হলেও বিমা সংস্থাগুলোর এই অনৈতিক কাটছাঁটের ফলে সাধারণ মানুষের পকেট থেকে বাড়তি অর্থ বেরিয়ে যাচ্ছে।
উদ্বেগজনকভাবে প্রায় ১৩ শতাংশ ক্ষেত্রে কোনো কারণ দর্শানো ছাড়াই সম্পূর্ণ ক্লেম বাতিল করে দেওয়া হচ্ছে। বিশেষ করে বেসরকারি বিমা সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমছে, যেখানে অনেক ক্ষেত্রে আদায় করা প্রিমিয়ামের মাত্র ৬০ শতাংশ ক্লেম মেটাতে খরচ করা হচ্ছে। এমনকি কেমোথেরাপি বা ডায়ালিসিসের মতো দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে বারবার ক্লেম হওয়ায় পলিসি পুনর্নবীকরণেও অনীহা দেখাচ্ছে বেশ কিছু সংস্থা। বছরের পর বছর প্রিমিয়াম দেওয়ার পর সংকটের সময়ে গ্রাহকদের এই দায় ঝেড়ে ফেলার প্রবণতায় স্বাস্থ্যবিমার মূল উদ্দেশ্যই এখন প্রশ্নের মুখে।