ঝাড়খণ্ডে ভয়াবহ রেল দুর্ঘটনা: ট্রেনের ধাক্কায় উড়ল ট্রাক, গুঁড়িয়ে গেল বাইক

ঝাড়খণ্ড: বৃহস্পতিবার ঝাড়খণ্ডের নবাদিহ রেলক্রসিংয়ে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোন্ডা থেকে আসানসোলগামী একটি যাত্রীবাহী ট্রেন সজোরে ধাক্কা মারে একটি ট্রাককে। ট্রেনের ধাক্কায় ট্রাকটি কার্যত দুমড়ে-মুচড়ে যায় এবং রেললাইনের পাশে থাকা দুটি মোটরসাইকেলও পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তবে বরাতজোরে এই ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
জসিডি স্টেশন ছাড়ার পরই এই বিপত্তি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রেনটি তীব্র হর্ন দিলেও ট্রাকটি লাইন থেকে সরতে পারেনি, যার ফলে এই সংঘর্ষ। দুর্ঘটনার জেরে দেওঘর-রাঁচি প্রধান সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এই রাস্তাটি এইমস (AIIMS) হাসপাতালে যাওয়ার প্রধান পথ হওয়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ ও রোগীরা।
রেল কর্তৃপক্ষ ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে। স্থানীয়দের দাবি, এই ক্রসিংয়ে বারবার দুর্ঘটনা ঘটছে, তাই দ্রুত বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।