সরকারি মেলায় চরম অপমানিত স্নিগ্ধজিৎ! লগ্নজিতার পর এবার কি হেনস্থার শিকার সারেগামাপা খ্যাত গায়ক?

মেদিনীপুরে রাজ্য সরকারের ‘সৃষ্টিশ্রী মেলা’য় গান গাইতে গিয়ে চরম হেনস্থার শিকার হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক। অভিযোগ, অনুষ্ঠান শেষে অনুরাগীদের সঙ্গে সৌজন্য বিনিময়ের সময় ভিড়ের মধ্যে তাঁকে সজোরে ধাক্কা মারা ও অপমান করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ গায়ক মঞ্চে ফিরে মাইক হাতে নিজের ক্ষোভ উগরে দেন। লগ্নজিতা চক্রবর্তীর পর ফের একজন শিল্পীর সাথে এমন আচরণে রাজ্যের সাংস্কৃতিক মহলে নিন্দার ঝড় উঠেছে।
এই অপ্রীতিকর ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, সরকারি অনুষ্ঠানেও শিল্পীদের সম্মান ও সুরক্ষা নেই, যা অত্যন্ত লজ্জাজনক। মেলা প্রাঙ্গণে বিশৃঙ্খলা ও শিল্পীর সঙ্গে দুর্ব্যবহারের এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে জোর রাজনৈতিক তর্জা শুরু হয়েছে। তবে আয়োজক বা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।