রাজ্য পুলিশের পরবর্তী ডিজি কে? ক্যাটের কড়া ডেডলাইনে নবান্নের পাঠানো ১০ জনের প্যানেলে জল্পনা তুঙ্গে

রাজ্য পুলিশের পরবর্তী ডিরেক্টর জেনারেল (ডিজিপি) নিয়োগের টানাপড়েনে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা ক্যাটের কড়া নির্দেশের পর ১০ জন আইপিএস অফিসারের নাম ইউপিএসসি-র কাছে পাঠাল পশ্চিমবঙ্গ সরকার। ২৩ জানুয়ারির ডেডলাইন মেনেই নবান্ন এই প্রস্তাব পাঠিয়েছে। ১৯৯০ ব্যাচের অফিসার রাজেশ কুমারের মামলার প্রেক্ষিতে ট্রাইবুনাল স্পষ্ট জানিয়েছে যে, প্রশাসনিক গাফিলতির কারণে কোনো যোগ্য অফিসারের অধিকার খর্ব করা যাবে না। একবার প্রক্রিয়া শুরু হলে মাঝপথে নিয়ম পরিবর্তনও আইনসঙ্গত নয়।
বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের মেয়াদ শেষ হচ্ছে ৩১ জানুয়ারি। তার আগেই ২৯ জানুয়ারি রাজ্য পুলিশ তাঁর বিদায়ী অনুষ্ঠানের প্রস্তুতি সেরে ফেলেছে। ক্যাটের বেঁধে দেওয়া সূচি অনুযায়ী, ২৮ জানুয়ারির মধ্যে ইউপিএসসি-কে তিনজনের চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে এবং পরদিন তা রাজ্যের হাতে তুলে দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশিকা লঙ্ঘন ও দীর্ঘ বিলম্বের অভিযোগে শুরু হওয়া এই আইনি লড়াই এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।