বিডিও অফিসে তাণ্ডব: কমিশনের কড়া পদক্ষেপের মুখে সুর বদলালেন তৃণমূল বিধায়ক!

মুর্শিদাবাদের ফারাক্কায় বিডিও অফিসে এসআইআর শুনানি চলাকালীন ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় এবার সুর নরম করলেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর দায়ের হওয়ার পর তিনি ইআরও-কে চিঠি লিখে জানিয়েছেন যে, কমিশনের প্রতি তিনি শ্রদ্ধাশীল এবং সংবিধান মেনেই চলেন। তবে গত ১৪ জানুয়ারি বিডিও অফিসে প্লাস্টিকের চেয়ার ও আসবাবপত্র ভাঙচুর এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছিল কমিশন।
বিধায়কের দাবি, সাধারণ মানুষের হেনস্থা রুখতেই তিনি প্রতিবাদ করেছিলেন এবং তাঁর বক্তব্যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। যদিও এর আগে তিনি বিডিও অফিসে দাঁড়িয়ে রাম-রহিম বিভাজনের অভিযোগ তুলে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন। বর্তমানে আইনি জটিলতা এড়াতে তিনি প্রশাসনের সঙ্গে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীর মঞ্চ থেকে সংবিধান হাতে নিয়ে তিনি পুনরায় জানান যে, কোনোভাবেই তাঁর কণ্ঠরোধ করা যাবে না।