দিনের বেলা এসআইআর, রাতে রাজের ছবি: ভোটারদের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক!

এসআইআর শুনানি ঘিরে তৃণমূল স্তরে রণকৌশল সাজাতে ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতের রায়কে নৈতিক জয় দাবি করে তিনি স্পষ্ট জানান, এসআইআর শুনানিতে কোনো ভোটারকে একা ছাড়া যাবে না; প্রতিটি ক্ষেত্রে দলের বিএলএ-দের (বুথ লেভেল এজেন্ট) সঙ্গ দেওয়া বাধ্যতামূলক। ভোটারদের বিভ্রান্তি কাটাতে বুথ ভিত্তিক ‘ভোটাধিকার রক্ষা কমিটি’ গঠনের নির্দেশও দিয়েছেন তিনি।
একইসঙ্গে জনসংযোগ বাড়াতে দিনের বেলা প্রশাসনিক কাজ ও সন্ধ্যায় পাড়ায় পাড়ায় ‘লক্ষ্মী এল ঘরে’ চলচ্চিত্র প্রদর্শনের অভিনব নির্দেশ দিয়েছেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি প্রকল্পের সুফল নিয়ে নির্মিত এই ছবির মাধ্যমে প্রচার জোরদারের পাশাপাশি সিনেমা শেষে স্থানীয় স্তরে আপ্যায়নের স্বাধীনতাও দেওয়া হয়েছে নেতাদের। এদিকে, ১৫ দিনের জন্য সাংসদদের দিল্লি ত্যাগ করে নিজ এলাকায় থেকে ওয়াররুম সক্রিয় করার কড়া নির্দেশ জারি করেছেন তিনি।