বিয়ের পিঁড়ি নয়, শেরওয়ানি পরেই সোজা নির্বাচন কমিশনে! হবু বরের এমন কাণ্ডে তোলপাড়
January 27, 20268:44 pm

বিয়ের পিঁড়িতে বসার বদলে শেরওয়ানি পরেই শুনানির লাইনে দাঁড়ালেন হবু বর আনোয়ার হোসেন খান। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকে। শুধু বর নন, তাঁর সঙ্গে ৩৮ জন বরযাত্রীকেও নির্বাচন কমিশনের এসআইআর শুনানিতে হাজির হতে হয়। হাওড়ায় বিয়ে করতে যাওয়ার কথা থাকলেও নাগরিকত্ব প্রমাণের তাগিদে হবু স্ত্রীকে অপেক্ষায় রেখে ব্লক অফিসে লাইনে দাঁড়াতে বাধ্য হন তাঁরা।
জানা গেছে, ভোটার তালিকায় নামের বানান ভুল ও আনম্যাপিংয়ের কারণে ১১০০ ভোটারের মধ্যে প্রায় ৫৫০ জনকে নোটিশ পাঠিয়েছে কমিশন। বিয়ের দিনে এমন তলবে ক্ষোভ উগড়ে দিয়েছেন বর ও বরযাত্রীরা। এর আগে বীরভূমের নানুরেও একই রকম পরিস্থিতির শিকার হতে হয়েছিল এক যুবককে। সামান্য ভুলের জন্য বিয়ের মুহূর্তে এই প্রশাসনিক হয়রানি নিয়ে বর্তমানে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।