আনন্দপুরে মৃত্যুর মিছিল: ধ্বংসস্তূপে মিলল আরও দুই দেহ, জারি ১৬৩ ধারা!

আনন্দপুরের নাজিরাবাদে অনলাইন ফুড ডেলিভারি সংস্থার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। বৃহস্পতিবার ভোরে ধ্বংসস্তূপ থেকে আরও দুটি ঝলসানো দেহ উদ্ধার হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। নিহতদের ডিএনএ ম্যাপিংয়ের মাধ্যমে পরিচয় শনাক্তকরণের কাজ শুরু হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারপিছু একজনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
তদন্তে নেমে পুলিশ গোডাউনের মালিক গঙ্গাধর দাসকে আটক করেছে। ছোট পরিসরে অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় এবং একটিমাত্র দরজা হওয়ায় কর্মীরা বেরোতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে বিশৃঙ্খলা এড়াতে ও উদ্ধারকাজ নিরবচ্ছিন্ন রাখতে আনন্দপুর এলাকায় ভারতীয় ন্যায় সংহিতায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েনসহ ব্যারিকেড দিয়ে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।