ভবানীপুরে মমতার ‘মাস্টারস্ট্রোক’: তিন ওয়ার্ডে বিশেষ নজর, ফিরহাদকে কড়া রিপোর্ট তলব

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর নিয়ে কোমর বেঁধে ময়দানে নামলেন। শুক্রবার ভবানীপুরের বুথ স্তরের এজেন্ট বা বিএলএ-দের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। মাত্র দেড় মাসের ব্যবধানে এই দ্বিতীয় বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
বৈঠকে তৃণমূল সুপ্রিমো স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, এসআইআর (SIR) প্রক্রিয়ার বাকি দিনগুলোতে দলের কর্মীদের আক্ষরিক অর্থেই ‘প্রাণপাত’ পরিশ্রম করতে হবে। বিশেষ করে ৬৩, ৭২ এবং ৭৩ নম্বর—এই তিনটি ওয়ার্ডের ভোটার তালিকার কাজে বিন্দুমাত্র খামতি না রাখার কড়া বার্তা দিয়েছেন তিনি। ভোটার তালিকা সংশোধন ও স্ক্রুটিনির কাজে স্বচ্ছতা বজায় রাখতে এবং নির্ভুলভাবে কাজ শেষ করতে প্রতিটি মুহূর্ত কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন নেত্রী।
কাজের তদারকিতেও তিনি বড় পদক্ষেপ নিয়েছেন। এখন থেকে প্রতিদিনের স্ক্রুটিনির বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে কলকাতার মেয়র তথা বর্ষীয়ান নেতা ফিরহাদ হাকিমের কাছে। কর্মীদের মধ্যে কাজের গতি বাড়াতে এবং কোনো স্তরে গাফিলতি এড়াতে এই কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর এই সক্রিয়তা স্পষ্ট করে দিচ্ছে যে, ঘরের মাঠ ভবানীপুরের প্রতিটি বুথে সংগঠনের ভীত আরও মজবুত করতে তিনি কোনো আপস করতে রাজি নন।