গাজ়াবাসীর জন্য বড় সুখবর: অবশেষে খুলছে রাফা সীমান্ত, রবিবার থেকেই শুরু হচ্ছে যাতায়াত!

দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে রবিবার থেকে গাজ়ার সঙ্গে মিশরের সংযোগকারী রাফা ক্রসিং খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইজ়রায়েল। গত বছরের ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে এই সীমান্ত পথটি বন্ধ রাখা হয়েছিল। সম্প্রতি দক্ষিণ গাজ়ার ধ্বংসস্তূপ থেকে হামাসের হাতে অপহৃত শেষ ইজ়রায়েলি পণবন্দি সার্জেন্ট রান গভিলির নিথর দেহ উদ্ধার করেছে সেনা। এই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক চাপের মুখে যাতায়াতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিল নেতানিয়াহু সরকার।
এই সিদ্ধান্তের ফলে গাজ়ার অসামরিক নাগরিকরা পুনরায় বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন। এর আগে ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি থাকলেও সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ পণবন্দির দেহ উদ্ধারে তারা তথ্য দিয়ে সহায়তা করেছে। দীর্ঘ সংঘাত ও মানবিক সংকটের মাঝে রাফা সীমান্ত খুলে যাওয়াকে গাজ়াবাসীর জন্য বড় স্বস্তি হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। এখন থেকে নিয়ন্ত্রিত পদ্ধতিতে সাধারণ মানুষ ও পণ্যবাহী যান এই পথ ব্যবহার করতে পারবে।