আনন্দপুর অগ্নিকাণ্ড: ‘নীরব মোদীও তো প্রধানমন্ত্রীর সঙ্গী ছিলেন’, শাহকে পাল্টা তোপ অভিষেকের

আনন্দপুর অগ্নিকাণ্ড: ‘নীরব মোদীও তো প্রধানমন্ত্রীর সঙ্গী ছিলেন’, শাহকে পাল্টা তোপ অভিষেকের

আনন্দপুরের মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। একদিকে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরাসরি দায়ী করছেন, অন্যদিকে পাল্টা আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাহর সমালোচনার জবাবে অভিষেক স্পষ্ট বলেন, বিজেপি ‘শকুনের মতো লাশের রাজনীতি’ করছে।

এদিন অমিত শাহ দাবি করেন, আনন্দপুরের এই অগ্নিকাণ্ড স্রেফ দুর্ঘটনা নয়, বরং রাজ্য সরকারের দুর্নীতির পরিণাম। কারখানার মালিক মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের সঙ্গী ছিলেন উল্লেখ করে তিনি স্বচ্ছ তদন্তের দাবি জানান। পালটা জবাবে অভিষেক প্রশ্ন তোলেন, “মেহুল চোকসি বা নীরব মোদীর মতো অভিযুক্তরা তো নরেন্দ্র মোদীর সঙ্গে বিদেশ সফরে গিয়েছিলেন। তাহলে সেই দায় কার?”

অভিষেকের যুক্তি, একটি বেসরকারি গুদামে কী রাখা আছে বা সেখানে কোনো ত্রুটি রয়েছে কি না, তা সবসময় সরকারের পক্ষে নজর রাখা সম্ভব নয়। তবে সরকার বসে নেই; ইতিমিধ্যেই মালিক ও ম্যানেজমেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজেপিকে বিঁধে তিনি আরও বলেন, যদি আনন্দপুরের ঘটনার জন্য মুখ্যমন্ত্রী দায়ী হন, তবে ইন্দোরে দূষিত জল খেয়ে মৃত্যু বা গোয়ার অগ্নিকাণ্ডের জন্য কি প্রধানমন্ত্রী দায়ী নন?

আনন্দপুরের নাজিরাবাদে এই অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা ও নিখোঁজ ব্যক্তিদের নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসন ও বিরোধী শিবিরের মধ্যে চাপানউতোর চরমে পৌঁছেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *