১২ বছরের ছেলেকে নৃশংস হত্যা: ছিন্নভিন্ন দেহের ভিডিও মাকে পাঠাল সৎ বাবা

নয়াদিল্লি: খাস রাজধানীতে এক চরম পাশবিক হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এল। মাত্র ১২ বছরের এক কিশোরকে নৃশংসভাবে খুন করে তার ক্ষতবিক্ষত দেহের ভিডিও খোদ মাকে পাঠাল অভিযুক্ত সৎ বাবা। দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায় এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে।
ঘটনার বিবরণ:
পুলিশ সূত্রে খবর, গত শনিবার ভোরে শাস্ত্রী পার্ক চকের কাছের জঙ্গল থেকে ওই কিশোরের বিকৃত দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে, শিশুটির মাথা, মুখ এবং চোখে গভীর ক্ষত রয়েছে। এমনকি তার একটি চোখ উপড়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ।
নিহত কিশোরের মা জানান, গত বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলতে গিয়েছিল তার ছেলে। অভিযোগ, সেখান থেকেই তাকে তুলে নিয়ে গিয়ে খুন করে সৎ বাবা। অভিযুক্তের সঙ্গে স্ত্রীর দীর্ঘদিনের বিবাদ চলছিল। ঝগড়ার জেরে ওই মহিলা তার স্বামীকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলেন। সেই আক্রোশ থেকেই এই ঘৃণ্য হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা পুলিশের।
মায়ের হাহাকার:
কান্নায় ভেঙে পড়ে ওই মা জানান, একটি অজানা নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপে ছেলের রক্তাক্ত মরদেহের ভিডিও আসে। ভিডিওতে অভিযুক্ত ব্যক্তি বলে, “তোর ছেলেকে নিয়ে যা।” কিশোরের মা বলেন, “ভিডিওতে দেখলাম আমার ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, চোখ উপড়ে নেওয়া হয়েছে। ও যে সত্যিই এমনটা করবে আমি ভাবতেও পারিনি।”
পুলিশ বর্তমানে অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে এবং খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।