ভুল পথে যমদূত! ট্রাকের তাণ্ডবে নিমেষেই পিষ্ট ৩ বাইক, ওড়িশায় মৃত্যুমিছিল

ওড়িশার গঞ্জামের ১৬ নম্বর জাতীয় সড়কে শনিবার ভোরে ঘটে গেল এক ভয়াবহ রক্তক্ষয়ী দুর্ঘটনা। হালদিয়াপাদার এলাকায় দ্রুতগতির একটি ট্রাক ভুল পথে এসে সরাসরি তিনটি মোটরসাইকেলকে পিষ্ট করলে ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুতে ধাক্কা খায়। গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সুচিকিৎসার জন্য সব ধরনের সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কে প্রতিনিয়ত ট্রাফিক নিয়ম লঙ্ঘন ও অতিরিক্ত গতির কারণেই বাড়ছে এই ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা।