ক্রিকেটের ময়দানে ইতিহাস জম্মু-কাশ্মীরের, প্রথমবার জিতল বিসিসিআই খেতাব! – এক ঝলক

ক্রিকেটের ময়দানে ইতিহাস জম্মু-কাশ্মীরের, প্রথমবার জিতল বিসিসিআই খেতাব! – এক ঝলক

একঝলক ডেস্ক:

বিজয় মার্চেন্ট ট্রফির প্লেট গ্রুপ ফাইনালে মিজোরামকে হারিয়ে প্রথমবার বিসিসিআই অনুমোদিত খেতাব জিতে ইতিহাস গড়ল জম্মু-কাশ্মীর অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। সুরাটে অনুষ্ঠিত চারদিনের এই ম্যাচে এক ইনিংস ও ১৮২ রানের বিশাল ব্যবধানে জয় পায় তারা। অধিনায়ক সমেকি গজুরিয়ার সেঞ্চুরি এবং অথর্ব শর্মার অনবদ্য ৯২ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪০০ রান তোলে জম্মু-কাশ্মীর। বিপরীতে মিজোরামের দুই ইনিংস যথাক্রমে ১০০ ও ১১৮ রানে গুটিয়ে যায়।

বোলারদের বিধ্বংসী পারফরম্যান্সে ম্যাচটি তৃতীয় দিনেই জিতে নেয় উপত্যকার ছেলেরা। দ্বিতীয় ইনিংসে সানিল সিং তিনটি এবং জসকরণ ও হাম্মাদ দুটি করে উইকেট দখল করেন। দলের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে এই জয়কে স্থানীয় প্রতিভার অনন্য নিদর্শন হিসেবে উল্লেখ করেন। এই ঐতিহাসিক বিজয় জম্মু-কাশ্মীরের ক্রিকেট ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *