শত্রুপক্ষকে কড়া বার্তা! ২০২৬ বাজেটে প্রতিরক্ষা খাতে রেকর্ড বরাদ্দ মোদী সরকারের – এক ঝলক

একঝলক ডেস্ক:
২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে ৭.৮ লক্ষ কোটি টাকার বিশাল বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত উত্তেজনা ও ভূ-রাজনৈতিক অস্থিরতার মোকাবিলায় গত বছরের তুলনায় এই বরাদ্দ একলাফে ১৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। মূলত আধুনিক যুদ্ধাস্ত্র, চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি ক্রয়ের মাধ্যমে সামরিক শক্তিকে আরও ঘাতক করে তোলাই এই বাজেটের প্রধান লক্ষ্য।
দেশের সুরক্ষায় আপসহীন মনোভাব বজায় রেখে সামরিক আধুনিকীকরণে ২.১৯ লক্ষ কোটি টাকা ব্যয় করা হবে। ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের প্রেক্ষাপটে এই রেকর্ড বরাদ্দ ভারতীয় সেনাবাহিনীকে প্রযুক্তিগতভাবে আরও স্বনির্ভর ও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে দেশীয় প্রযুক্তিতে সমরাস্ত্র তৈরি এবং বিমান রক্ষণাবেক্ষণ সরঞ্জামে শুল্ক ছাড়ের মাধ্যমে ‘আত্মনির্ভর ভারত’ অভিযানকে আরও বেগবান করার উদ্যোগ নেওয়া হয়েছে এই ঐতিহাসিক বাজেটে।