ইতিহাস গড়লেন আলকারাজ়, জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন চুরমার! – এক ঝলক

একঝলক ডেস্ক:
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ‘কেরিয়ার স্ল্যাম’ পূর্ণ করলেন কার্লোস আলকারাজ়। রড লেভার এরিনায় ৩ ঘণ্টা ২ মিনিটের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ সেটে জয় ছিনিয়ে নেন এই স্প্যানিশ তারকা। শুরুতে এগিয়ে গেলেও বয়সের ভার ও ক্লান্তিতে শেষরক্ষা করতে পারেননি ৩৮ বছর বয়সী জোকোভিচ। ফলে অধরাই থেকে গেল তাঁর রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম।
মাত্র ২২ বছর বয়সে সপ্তম গ্র্যান্ড স্ল্যাম জিতে রাফায়েল নাদালকেও ছাপিয়ে গেলেন আলকারাজ়। দ্বিতীয় সেট থেকেই জোকোভিচকে চাপে ফেলে নিজের আধিপত্য বিস্তার করেন তিনি। ম্যাচের শেষ মুহূর্তে জোকোভিচের ভুল সার্ভিসের সুযোগ নিয়ে জয় নিশ্চিত করতেই কোর্টে শুয়ে পড়েন নতুন এই চ্যাম্পিয়ন। টেনিস বিশ্বে নতুন যুগের সূচনা করে আলকারাজ় প্রমাণ করলেন, বর্তমানে তাঁকে হারানো প্রায় আসাম্ভব।