হরমুজ প্রণালীতে ইরানের রণহুংকার: ভারতের জ্বালানি বাজারে কি বড়সড় ধস নামতে চলেছে? – এক ঝলক

একঝলক ডেস্ক:
মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে পাঁচ দিনের সামরিক মহড়া শুরু করছে তেহরান। এই ঘোষণার পরপরই কড়া হুঁশিয়ারি দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ওয়াশিংটন স্পষ্ট জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ বা মিত্র দেশগুলোর ওপর কোনো আঘাত এলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। এই সামরিক মহড়াকে কেন্দ্র করে পারস্য উপসাগরীয় অঞ্চলে এখন যুদ্ধের কালো মেঘ ঘনাচ্ছে।
বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়, যার ওপর ভারতের অর্থনীতি গভীরভাবে নির্ভরশীল। ভারত তার প্রয়োজনীয় তেলের প্রায় ৫০ শতাংশ এই পথ দিয়েই আমদানি করে। ফলে হরমুজ প্রণালীতে কোনো ধরনের অস্থিরতা বা বাণিজ্যিক পথ রুদ্ধ হলে ভারতের বাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।