প্রেমের ডাক নাকি মৃত্যুর হাতছানি? প্রেমিকার বাড়ির পাশেই মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ! – এক ঝলক

একঝলক ডেস্ক:
নদিয়ার গেদে সীমান্তে ভালোবাসার মর্মান্তিক পরিণতি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে প্রেমিকা প্রমা হালদারের ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন হালদারপাড়ার যুবক সৌরভ হালদার। রবিবার সকালে প্রেমিকার বাড়ির পাশের জমি থেকে তাঁর রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। সৌরভের পকেটে থাকা মোবাইল ফোনটিও ভাঙা অবস্থায় পাওয়া গেছে, যা পরিকল্পিত খুনের সন্দেহকে আরও জোরালো করেছে।
মৃতের পরিবারের অভিযোগ, এই সম্পর্কের বিরোধিতায় সৌরভকে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে প্রেমিকার পরিবার। খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ইতিমধ্যে প্রেমিকার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।