বাজেটে বড় চমক মন্ত্রীদের বেতন ও অতিথি আপ্যায়নে বরাদ্দ বেড়ে ১১০২ কোটি

কেন্দ্রীয় বাজেটে মন্ত্রী ও সচিবদের বেতন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (PMO) খরচ এবং রাষ্ট্রীয় অতিথিদের আপ্যায়নে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। রবিবার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশকালে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই ঘোষণা করেন। সংশ্লিষ্ট খাতে গতবারের ৯৭৮.২০ কোটি টাকার বিপরীতে এবার মোট ১১০২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে মন্ত্রীদের বেতন, ভাতা ও ভ্রমণ খাতেই রাখা হয়েছে ৬২০ কোটি টাকা, যা গত অর্থবর্ষের তুলনায় প্রায় ১৩৬ কোটি টাকা বেশি।
প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্ব দিয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের জন্য ২৫৬.১৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া ক্যাবিনেট সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য যথাক্রমে ৮০ কোটি এবং ৭৩.৫২ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বিদেশি অভ্যাগতদের আপ্যায়ন ও বিনোদনের জন্য এবার বাজেটে ৫.৭৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। উচ্চপর্যায়ের প্রশাসনিক ব্যয় মেটাতে এই বর্ধিত বরাদ্দ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।