মাধ্যমিক আজ শুরু: রাজ্যজুড়ে কড়া প্রস্তুতি, বিপদে পড়লে এক ফোনেই মিলবে সাহায্য!

আজ ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। মোট ২,৬৮২টি কেন্দ্রে প্রায় ৯ লক্ষ ৭১ হাজার পড়ুয়া এবার পরীক্ষায় বসছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে কলকাতা ও সংলগ্ন এলাকায় ১৫টি গুরুত্বপূর্ণ রুটে অতিরিক্ত বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, পরীক্ষা চলাকালীন কোনো জরুরি প্রয়োজনে পুলিশি হেল্পলাইন ৯৪৩২৬১০০৩৯ এবং পর্ষদের কন্ট্রোল রুম নম্বর ০৩৩-২৩২১-৩৮১৩-এ যোগাযোগ করা যাবে। নথিপত্র ভুলে গেলে বা বিপদে পড়লে পুলিশ পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।
নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি সামলাতে বিশেষ মেডিক্যাল টিম ও অ্যাম্বুল্যান্স মোতায়েন থাকছে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে। তবে পরীক্ষার দিনও শিক্ষকদের বিএলও কাজ থেকে অব্যাহতি দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের উত্তরের অপেক্ষায় রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এই অনিশ্চয়তা সত্ত্বেও, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে পারে, সেজন্য প্রশাসনিক স্তরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থা। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা।