মমতার দিল্লি সফর নিয়ে বিস্ফোরক শুভেন্দু: “সবটাই আইপ্যাকের সাজানো নাটক!”
বঙ্গভবনে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী জনমানসের দৃষ্টি ঘোরাতে এবং এসআইআর প্রক্রিয়া ভন্ডুল করতেই দিল্লি গিয়ে নাটক করছেন। শুভেন্দুর দাবি, দিল্লি পুলিশ ওনার আসল উদ্দেশ্য ধরে ফেলেছে বলেই মমতা এখন ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এই পুরো ঘটনাটিকে তিনি ‘আইপ্যাক পরিচালিত চিত্রনাট্য’ হিসেবে অভিহিত করে দ্রুত এর পর্দা ফাঁসের হুঁশিয়ারি দিয়েছেন।
পাশাপাশি ভোটার তালিকায় কারচুপির অভিযোগে তৃণমূলকে সরাসরি নিশানা করেন শুভেন্দু। তিনি জানান, সরকারি আধিকারিকদের ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকায় ভুল রাখা হচ্ছে এবং শুনানি দীর্ঘায়িত করা হচ্ছে। রাজ্যে ত্রুটিপূর্ণ ভোটার তালিকার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভের ডাক দিয়ে তিনি বলেন, এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের। মৃত ভোটারদের নাম তালিকায় রাখার দায়ভারও শেষ পর্যন্ত শাসক দলকেই নিতে হবে বলে তিনি দাবি করেন।