লিপইয়ার নয়, তবু ২০২৬-এর ফেব্রুয়ারি নিয়ে তোলপাড় দুনিয়া! ক্যালেন্ডারের পাতায় লুকিয়ে কোন ‘ম্যাজিক’?

২০২৬ সালের ফেব্রুয়ারি মাস সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল ফেলেছে। সাধারণত ফেব্রুয়ারি ২৮ দিনে হলেও এ বছরটি বিশেষ, কারণ একে বলা হচ্ছে ‘পারফেক্ট রেক্ট্যাঙ্গুলার মান্থ’ বা নিখুঁত আয়তাকার মাস। ১ ফেব্রুয়ারি রবিবার থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত বিস্তৃত এই মাসটি ঠিক চারটি পূর্ণ সপ্তাহে সীমাবদ্ধ। সপ্তাহের প্রতিটি দিন এখানে চারবার করে এসেছে, যা ক্যালেন্ডারের পাতায় এক অনন্য জ্যামিতিক ভারসাম্য তৈরি করেছে।
গণিত ও ক্যালেন্ডার প্রেমীদের মতে, এমন ‘পারফেক্ট ফেব্রুয়ারি’ সচরাচর দেখা যায় না। এর আগে ২০১৫ সালে এমন বিরল সংযোগ দেখা গিয়েছিল এবং পরবর্তীটি দেখতে অপেক্ষা করতে হবে ২০৩৭ সাল পর্যন্ত। চার সপ্তাহের এই সুশৃঙ্খল বিন্যাস এবং কোনো দিনই পঞ্চম সপ্তাহে না যাওয়ার চমৎকার দৃশ্যগত সামঞ্জস্যই মূলত চলতি বছরের ফেব্রুয়ারিকে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।