পুলিশের বাড়িতেও হানা দিচ্ছে ইডি? কয়লা পাচারের টাকা আসলে যাচ্ছে কোথায়!

একঝলক নিউস ডেস্ক : সাধারণ মানুষের করের টাকায় বেতন পাওয়া খোদ পুলিশ অফিসারের বাড়িতে যখন কেন্দ্রীয় সংস্থার তল্লাশি চলে, তখন প্রশ্ন জাগে— রক্ষকই কি তবে ভক্ষক? কয়লা পাচারের কালো টাকা লেনদেনের অভিযোগে এবার বিপাকে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডল। মঙ্গলবার ভোরে দুর্গাপুরে তাঁর বাসভবনে ইডির এই হানায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। দুর্নীতির দায়ে এর আগেও বারাবনির ও থাকাকালীন তাঁকে সাসপেন্ড হতে হয়েছিল।
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ প্রশাসনের বিশ্বাসযোগ্যতা নিয়ে আমজনতাকে নতুন করে ভাবাচ্ছে। সাধারণ মানুষের জীবন যেখানে কয়লা মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ, সেখানে আইনের রক্ষকদের বিরুদ্ধে ‘প্রোটেকশন মানি’ নেওয়ার অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ৯টি জায়গায় চলা এই তল্লাশি অভিযানে ওসির অতীত রেকর্ড ও বর্তমান যোগসূত্র কি শেষ পর্যন্ত সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করবে? তদন্তের গতিপ্রকৃতিই এখন দেখার বিষয়।