মাধ্যমিকের প্রথম দিনেই বিকট শব্দে বিস্ফোরণ: অল্পের জন্য রক্ষা পেল ২০২ পরীক্ষার্থী! – এক ঝলক

একঝলক ডেস্ক:
কোচবিহারের তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি গাছ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ২০২ জন পরীক্ষার্থী। সোমবার পরীক্ষা চলাকালীন স্কুলের ক্যান্টিনে চা তৈরির সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। কর্তব্যরত পুলিশ কর্মীরা সাহসিকতার সাথে জ্বলন্ত সিলিন্ডারটি টেনে স্কুলের মাঠের মাঝখানে নিয়ে যান। দমকল পৌঁছানোর আগেই বিকট শব্দে সিলিন্ডারটি ফেটে গেলে স্কুল চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের শব্দে পরীক্ষার্থীরা আতঙ্কিত হয়ে মাঠের দিকে ছুটে আসলেও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে বড় কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি। তুফানগঞ্জ মহকুমা শাসক ও এসডিপিও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পরীক্ষার্থীদের আশ্বস্ত করেন। বিস্ফোরণটি ফাঁকা মাঠে হওয়ায় কেউ হতাহত হয়নি। প্রশাসনের তৎপরতায় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার্থীরা পুনরায় শান্তভাবে পরীক্ষা সম্পন্ন করে।