ভোটের মুখে কয়লা পাচারে ইডির হানা: গুদাম থেকে উদ্ধার কোটি কোটি নগদ ও সোনা! – এক ঝলক
February 3, 20268:59 pm

একঝলক ডেস্ক:
রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কয়লা পাচার মামলায় আসানসোল, জামুরিয়া ও দুর্গাপুরের একাধিক ঠিকানায় চিরুনি তল্লাশি শুরু করল ইডি। মঙ্গলবার ব্যবসায়ী রাজেশ বনসালের বাড়ি ও গুদাম থেকে প্রায় দেড় কোটি নগদ টাকা ও বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া এই অর্থের সঙ্গে হাওয়ালা কারবারের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তে জানা গেছে, বনসালদের ট্রেডিং সংস্থাটি সরাসরি লেনদেন না করে কয়লা কারবারে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করত। এমনকি অন্যদের অ্যাকাউন্ট ভাড়া দিয়েও বিপুল অর্থ লেনদেন করা হতো বলে অভিযোগ। কেন্দ্রীয় সংস্থাটি ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হওয়া বিপুল সম্পদের উৎস এবং এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানতে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকরা।