অজিত পাওয়ারের পরিণতির পুনরাবৃত্তি? মাঝ আকাশে বড় বিপদ থেকে অল্পের জন্য বাঁচলেন পঙ্কজা মুন্ডে! – এক ঝলক

একঝলক ডেস্ক:
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মর্মান্তিক বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বড়সড় আকাশপথের বিপর্যয় থেকে রক্ষা পেলেন বিজেপি নেত্রী পঙ্কজা মুন্ডে। মঙ্গলবার সকালে শম্ভাজিনগর থেকে হেলিকপ্টারে লাতুরে জেলা পরিষদ নির্বাচনের প্রচারে যাওয়ার কথা ছিল তাঁর। তবে ওড়ার ঠিক আগের মুহূর্তে চালকের তীক্ষ্ণ নজরে ধরা পড়ে মারাত্মক যান্ত্রিক ত্রুটি। পাইলটের দ্রুত সতর্কবার্তায় তৎক্ষণাৎ সফর বাতিল করায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান এই প্রভাবশালী মন্ত্রী।
সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারসহ পাঁচজনের মৃত্যুর ঘটনায় এমনিতেই উত্তাল রাজ্য রাজনীতি। সেই শোকের আবহেই পঙ্কজা মুন্ডের হেলিকপ্টারে যান্ত্রিক গোলযোগের খবর সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হেলিকপ্টারে ঠিক কী ধরনের ত্রুটি ছিল তা এখনও অস্পষ্ট থাকলেও, ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্ত শুরু হয়েছে। বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হলেও নির্বাচনী প্রচারের মাঝপথে এহেন নিরাপত্তাহীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।