২৫ রেখে ৭৫ ভাগ কাদের পকেটে? বুদবুদের ওসির ইডি হেফাজত চেয়ে বিস্ফোরক শুভেন্দু – এক ঝলক

একঝলক ডেস্ক:
কয়লা পাচার মামলায় বীরভূম ও আসানসোলসহ রাজ্যের একাধিক স্থানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ম্যারাথন তল্লাশি ঘিরে উত্তাল বঙ্গ রাজনীতি। মঙ্গলবার বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডির হানার পরেই সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, কয়লা চুরির টাকা ‘৭৫-২৫’ অনুপাতে ভাগ হতো। অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের শুধু বদলি নয়, বরং দ্রুত হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তিনি।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, লালা ও বিনয় মিশ্রর নেতৃত্বে চলা এই বিশাল কেলেঙ্কারিতে প্রভাবশালী রাজনৈতিক নেতার পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ কর্তারাও জড়িত। ইসিএল কর্মকর্তাদের মতো অভিযুক্ত আইপিএস ও নিচুতলার পুলিশ কর্মীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। পাচারের লভ্যাংশের সিংহভাগ ঠিক কাদের কাছে পৌঁছাত, তা জনসমক্ষে আনতে আদালতের হস্তক্ষেপ এবং অভিযুক্তদের সম্পত্তি ক্রোক করার দাবি তুলেছেন বিরোধী দলনেতা।