২০২৬-এ কি কংগ্রেসের হাত ধরছেন মমতা? দিল্লিতে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী! – এক ঝলক

একঝলক ডেস্ক:
২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। বাম-কংগ্রেস ও সংখ্যালঘু ভোটব্যাংকের সম্ভাব্য মেরুকরণের মাঝে তৃণমূলের অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে। বিশেষ করে মহম্মদ সেলিমের সাম্প্রতিক মন্তব্যে কংগ্রেস ও তৃণমূলের জোট সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কি ২০১১ সালের ফর্মুলায় আবারও ফিরতে চলেছে রাজ্যের শাসক দল? এই প্রশ্নই এখন বাংলার রাজনৈতিক মহলের প্রধান কেন্দ্রবিন্দু।
দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জোট প্রসঙ্গে সরাসরি মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, তৃণমূল বাংলাতে একাই লড়বে। মুখ্যমন্ত্রী সাফ বলেন, “তৃণমূলের বিরুদ্ধে সব দলই লড়াই করে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়।” তবে রাজনীতির দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে শেষ পর্যন্ত সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে অভিজ্ঞ মহল।