ভোটের মুখে কমিশনের বিরুদ্ধে যুদ্ধের ডাক মমতার, কেন বিপদে ৩৩ শতাংশ সংখ্যালঘু? – এক ঝলক

একঝলক ডেস্ক:
নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের গুরুতর অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, নিয়মবহির্ভূতভাবে তড়িঘড়ি ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য রাজ্যের ৩৩ শতাংশ সংখ্যালঘু ও মতুয়া সমাজ। কমিশনের আইটি ডিরেক্টর সীমা খান্নার বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলে তিনি জানান, প্রযুক্তির অপব্যবহার করে বেছে বেছে নাম কাটা হচ্ছে।
ভোটার তালিকায় বিশিষ্টজনদের নাম ভুল এবং মৃত হিসেবে দেখানোর ঘটনায় ক্ষোভ উগরে দেন তৃণমূল সুপ্রিমো। তিনি অভিযোগ করেন, কমিশনের আধিকারিকরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, যার প্রতিবাদে তিনি আগামীতে সমস্ত বৈঠক বয়কটের ডাক দিয়েছেন। মমতার দাবি, এই ‘এসআইআর’ আতঙ্কে রাজ্যে ইতিমধ্যেই ১৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গণতান্ত্রিক লড়াইয়ে ব্যর্থ হয়ে কেন্দ্র চক্রান্ত করে বাংলাকে টার্গেট করছে বলে তিনি হুঁশিয়ারি দেন।