রেলওয়েতে চাকরির নামে ৩৮ লক্ষ টাকার জালিয়াতি! সিআইএসএফ জওয়ান ও ছেলের কীর্তিতে তোলপাড় – এক ঝলক

একঝলক ডেস্ক:
রেলে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বসিরহাট থেকে গ্রেফতার হলেন এক সিআইএসএফ জওয়ান ও তাঁর ছেলে। ধৃত আব্দুল মালেক ও নিজাম উদ্দিন গাজীর বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় সরকারি চাকরির নাম করে তাঁরা স্থানীয় শিক্ষিত যুবকদের থেকে প্রায় ৩৮ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। প্রতারিতদের দাবি, জনপ্রতি ৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হলেও দীর্ঘকাল অতিক্রান্ত হওয়ার পরও মেলেনি প্রতিশ্রুতি মতো কোনও চাকরি।
চাকরি না পেয়ে ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা অভিযুক্তদের আটকে রেখে বিক্ষোভ শুরু করলে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের গ্রেফতার করে। পুলিশ তদন্তে জানতে পেরেছে, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই বিপুল পরিমাণ লেনদেন করা হয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই বড়সড় প্রতারণা চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খোয়া যাওয়া অর্থ পুনরুদ্ধারের প্রক্রিয়াও শুরু করেছে প্রশাসন।