চেম্বারের ভেতর হাতুড়ে ডাক্তারকে এলোপাথাড়ি কোপ, রক্তমাখা পোশাকে থানায় হাজির খুনি! – এক ঝলক
February 3, 202610:59 pm

একঝলক ডেস্ক:
মঙ্গলবার সকালে বর্ধমানের বাদামতলায় চেম্বারের ভেতরেই নৃশংসভাবে খুন হলেন রাজা ভৌমিক (৪৫) নামে এক হাতুড়ে চিকিৎসক। অভিযুক্ত জীবন রুইদাস ব্যাগে কাটারি নিয়ে অতর্কিতে চিকিৎসকের মাথায় কোপাতে শুরু করে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাজা বাবু। চাঞ্চল্যকর বিষয় হলো, খুনের পর পালানোর বদলে রক্তাক্ত পোশাকে সরাসরি বর্ধমান থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মৃত চিকিৎসকের ভুল চিকিৎসায় নিজের ঠাকুমার মৃত্যু হয়েছে বলে বিশ্বাস করত জীবন। সেই প্রতিশোধ নিতেই পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালায় সে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং অভিযুক্তকে আটক করে ঘটনার বিশদ তদন্ত শুরু করেছে। এমন হাড়হিম করা ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।