বইমেলায় টাকার খেলা! ২৭ কোটির রেকর্ড ব্যবসা ও উপচে পড়া ভিড়ে তোলপাড় কলকাতা – এক ঝলক

একঝলক ডেস্ক:
কলকাতা আন্তর্জাতিক বইমেলার শেষ দিনে জনজোয়ারের পাশাপাশি নজর কাড়ল বই বিক্রির নতুন রেকর্ড। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় বিক্রি বেড়েছে ১৫ শতাংশ। গতবার বই বিক্রির অঙ্ক ২৩ কোটি টাকা হলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৬ কোটি ৪৫ লক্ষ টাকায়। ৩২ লক্ষ মানুষের ভিড়ে জমজমাট মেলা প্রাঙ্গণে পাঠকদের বাড়তি আকর্ষণে ছিল বইয়ের ওপর বিশেষ ডিসকাউন্ট।
মেলার শেষবেলায় প্রকাশনা সংস্থাগুলোতে ছিল উপচে পড়া ভিড়। কোথাও ১২ তো কোথাও ১৫ শতাংশ পর্যন্ত বাড়তি ছাড় দিয়ে পাঠকদের আবদার মিটিয়েছেন বিক্রেতারা। ভাঙা মেলায় পছন্দের বই সস্তায় পেয়ে খুশির মেজাজে ছিলেন কলেজ পড়ুয়া থেকে শুরু করে সাধারণ ক্রেতারা। ছোট-বড় সব প্রকাশনীই মানুষের হাতে বই পৌঁছে দেওয়ার এই উৎসাহকে ইতিবাচক হিসেবে দেখছে। জনসমাগমের সব রেকর্ড ভেঙে এই বইমেলা পুনরায় বাংলার গর্ব ও সাফল্যের নজির গড়ল।