রাতে দেরিতে খাবার খাওয়ার অভ্যাস ডেকে আনছে মহাবিপদ, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

নিউজ ডেস্ক : আপনি রাতে কী খাচ্ছেন তার চেয়েও বেশি জরুরি হলো কখন খাচ্ছেন। আজকাল কাজের চাপে অনেকেই রাত করে ডিনার করেন, যা অজান্তেই শরীরের বারোটা বাজাচ্ছে। হার্ভার্ডের চিকিৎসক সৌরভ শেঠির মতে, দেরিতে খেলে হজমের সমস্যা তো হয়ই, সেই সঙ্গে ইনসুলিন সেনসিটিভিটি বেড়ে মেদ জমার প্রক্রিয়া ত্বরান্বিত হয়। এতে ঘুমের মান খারাপ হওয়ার পাশাপাশি সকালে ঘুম থেকে ওঠার পর শরীর ভারী ও ক্লান্ত লাগে।
সুস্থ থাকতে ডিনারের সেরা সময় হলো সন্ধ্যা ৭টা। সঠিক সময়ে খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং দুঃস্বপ্ন বা মাথাব্যথার মতো সমস্যা কমে। বিশেষ করে যাদের ফ্যাটি লিভার বা ডায়াবেটিস রয়েছে, তাদের জন্য দেরিতে খাবার খাওয়া বিষের মতো। তাই সুস্থ দীর্ঘায়ু পেতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে খাবারের থালার চেয়ে ঘড়ির কাঁটার দিকে নজর দেওয়া এখন সাধারণ মানুষের জন্য সবচেয়ে জরুরি।