অনলাইন গেম কি কেড়ে নিচ্ছে আমাদের সন্তানদের প্রাণ? গাজিয়াবাদের তিন বোনের মর্মান্তিক পরিণতিতে স্তম্ভিত দেশ!

নিউজ ডেস্ক: আপনার সন্তান মোবাইলে সারাক্ষণ কী করছে, তার খবর রাখছেন তো? গাজিয়াবাদের ভারত সিটিতে মঙ্গলবার রাতে ৯ তলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারাল ১২, ১৪ ও ১৬ বছরের তিন বোন। ঘটনাস্থলে মিলেছে একটি চিরকুট, যাতে লেখা ‘সরি পাপা’। এই ঘটনার পর বাবা চেতন কুমারের দাবি, একটি রহস্যময় কোরিয়ান অনলাইন গেমের নেশাই কেড়ে নিয়েছে তাঁর তিন মেয়েকে। ওই গেমের ৫০তম টাস্ক পূরণ করতেই কি এই আত্মঘাতী সিদ্ধান্ত? সাধারণ বাবা-মায়ের কপালে এখন চিন্তার ভাঁজ।
পুলিশ কিশোরীদের ফোন বাজেয়াপ্ত করে ডিজিটাল ফরেনসিক তদন্ত শুরু করেছে। ডিজিটাল গেমিং আসক্তি কীভাবে ঘরের সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। গত দু’বছর স্কুলে না যাওয়া ওই তিন বোনকে নিয়ে পরিবারের অন্দরে কোনো জটিলতা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। আমাদের চারপাশের কিশোর-কিশোরীরা কি তবে এক অদৃশ্য মরণফাঁদে পা দিচ্ছে? এই ট্র্যাজেডি প্রতিটি অভিভাবকের জন্য এক সতর্কবার্তা।