রাজ্যের ২৫ শীর্ষ আমলাকে তলব কমিশনের, ব্যাহত হবে কি সাধারণের পরিষেবা?
February 4, 20264:58 pm

নিউজ ডেস্ক : রাজ্যের ২৫ জন আইপিএস ও আইএএস অফিসারকে কি এবার ভিনরাজ্যে ভোটের ডিউটিতে যেতেই হবে? স্বরাষ্ট্রসচিবসহ শীর্ষ আধিকারিকদের এই তলব ঘিরে নির্বাচন কমিশন ও নবান্নের সংঘাত এখন তুঙ্গে। সাধারণ মানুষের প্রশ্ন, প্রশাসনের প্রধান স্তম্ভরা যদি অন্য রাজ্যে ব্যস্ত থাকেন, তবে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা ও দৈনন্দিন সরকারি কাজকর্মে কি বড়সড় প্রভাব পড়বে?
রাজ্য সরকার ১৭ জন অফিসারের অব্যাহতির আর্জি জানালেও কমিশন তা সরাসরি নাকচ করে দিয়েছে। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারির ব্রিফিং বৈঠকে ওই ২৫ জন আধিকারিকের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। এই অনড় অবস্থানের ফলে প্রশাসনিক স্তরে চরম অচলাবস্থা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে, যা সাধারণ নাগরিকের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে দুশ্চিন্তা বাড়িয়ে তুলল।