ব্লু হোয়েলের আতঙ্ক ফিরল কোরিয়ান গেমে, প্রাণ হারাল ৩ বোন

নিউজ ডেস্ক : ঘরজুড়ে নিস্তব্ধতা, হঠাৎ তিন কিশোরী বোনের আত্মঘাতী হওয়ার খবর স্তব্ধ করে দিয়েছে গাজিয়াবাদকে। ১০ তলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারানো মেয়েদের বাবার আর্তনাদ, “বুঝতেই পারিনি ওরা কোন মারণ নেশায় জড়িয়েছিল।” জানা গেছে, একটি রহস্যময় কোরিয়ান গেমের শেষ ধাপ পূরণ করতেই চরম এই পথ বেছে নিয়েছে তারা। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের ঘরের সন্তানরা স্মার্টফোনের আড়ালে কতটা ভয়ংকর বিপদের সম্মুখীন হচ্ছে।
পুলিশি তদন্তে উঠে এসেছে একটি সুইসাইড নোট, যা কোনো রোমাঞ্চকর গল্পের চেয়ে কম নয়। মই বেয়ে বারান্দায় যাওয়া থেকে শুরু করে গভীর রাতে পা ঝুলিয়ে বসে থাকা—সবই ছিল গেমের নির্দেশের অংশ। ডায়েরিতে পাওয়া গিয়েছে করুণ সব বার্তা। সাধারণ বাবা-মায়ের জন্য এটি একটি বড় সতর্কবার্তা। আপনার সন্তান মোবাইলে কী খেলছে বা কার সাথে কথা বলছে, তার সঠিক তদারকি না করলে যে কারোর জীবনে নেমে আসতে পারে এমন শোকের ছায়া।