বিপুল আর্থিক লোকসান! বাংলার পকেট থেকে উধাও ৩,৯৬৬ কোটি টাকা? চাঞ্চল্যকর তথ্য

বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ার কারণে বাংলায় জনজীবনে ব্যাপক আর্থিক ক্ষতির চিত্র উঠে এসেছে। একটি বেসরকারি সংস্থার সমীক্ষায় দেখা গেছে, গত ৯০ দিনে শুনানিতে অংশ নিতে গিয়ে রাজ্যের সাধারণ মানুষের প্রায় ১,৯৮৩ কোটি থেকে ৩,৯৬৬ কোটি টাকা পর্যন্ত লোকসান হয়েছে। এর মধ্যে রয়েছে কর্মহীন দিনগুলোর মজুরি এবং যাতায়াত বা আনুষঙ্গিক খরচ, যা রাজ্যের অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলেছে।
সমীক্ষা অনুযায়ী, প্রায় দেড় কোটি মানুষকে নোটিশ পাঠানোয় শুনানিতে যোগ দিতে গিয়ে তিন কোটি মানুষের দৈনিক উপার্জন ব্যাহত হয়েছে। মাথাপিছু জিডিপি এবং যাতায়াত খরচ হিসাবে ধরলে এই ক্ষতির অঙ্ক আকাশছোঁয়া। সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মীদের এই কাজে নিয়োজিত করায় শিক্ষা, স্বাস্থ্যসহ প্রশাসনিক ক্ষেত্রেও ব্যাপক স্থবিরতা ও কাজের ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।