১.২৫ কোটি হিন্দু লড়লে পাশে থাকবে বিশ্ব! বাংলাদেশ ইস্যুতে আরএসএস প্রধানের হুঁশিয়ারি

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর চলমান নির্যাতন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মুম্বইতে সংগঠনের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে তিনি জানান, ওপার বাংলার ১.২৫ কোটি হিন্দু যদি নিজেদের অধিকার রক্ষায় রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, তবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমস্ত হিন্দু তাঁদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা করবে। বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতা ও হিন্দুদের লক্ষ্য করে সংগঠিত হামলার প্রেক্ষাপটে এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভাগবত আরও উল্লেখ করেন যে, প্রতিকূল পরিস্থিতিতেও হিন্দুদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যা ও অবৈধ অনুপ্রবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বর্তমান সরকারের পদক্ষেপের ওপর আস্থা প্রকাশ করেন। তাঁর মতে, ভারতকে দুর্বল করার চেষ্টা সফল হবে না এবং যারা ভাঙনের পথ বেছে নেবে, তারাই বিপর্যয়ের মুখে পড়বে। জাতপাতহীন সমাজ গঠনের ডাক দিয়ে তিনি স্পষ্ট জানান, আরএসএস-এর মূল লক্ষ্য কোনো ক্ষমতা দখল নয়, বরং গোটা সমাজকে একত্রিত করা।