ফেসবুক-ইউটিউবে ভুয়ো ভিডিও? মাত্র ৩ ঘণ্টায় অ্যাকশন না নিলেই বিপদ!

নিউজ ডেস্ক: আপনার স্মার্টফোনে দেখা ভিডিওটি কি আদেও সত্যি? ডিপফেক বা এআই দিয়ে তৈরি ভুয়ো ভিডিও রুখতে কড়া হচ্ছে সরকার। এখন থেকে আদালত বা পুলিশ নির্দেশ দিলে মাত্র ৩ ঘণ্টার মধ্যে ফেসবুক, ইউটিউব বা এক্স-এর মতো মাধ্যম থেকে সেই বিতর্কিত ভিডিও সরাতে হবে। সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হয়, সেজন্য কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি যেকোনো কন্টেন্টে ‘এআই’ লেবেল থাকা বাধ্যতামূলক করা হচ্ছে।
এই আইন কার্যকর হলে ইন্টারনেটে আপনার নিরাপত্তা আরও মজবুত হবে। কোনো অভিযোগ জমা পড়লে সংস্থাগুলোকে তা দ্রুত নিষ্পত্তি করতে হবে, যা আগে অনেক বেশি সময় নিত। ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে চলা এই নিয়মে জালিয়াতি বা হেনস্থামূলক পোস্ট করলে জেল-জরিমানা এমনকি অ্যাকাউন্ট আজীবনের জন্য বন্ধ হতে পারে। প্রযুক্তির অপব্যবহার রুখতে ডিজিটাল দুনিয়ায় দায়বদ্ধতা বাড়াতে এই পদক্ষেপ আমজনতার সাইবার সুরক্ষা নিশ্চিত করবে।