৫০০ কোটির মানহানি মামলা হিমন্তর! ভোটের মুখে আসামের রাজনীতিতে তোলপাড়

ভোটমুখী আসামে রাজনৈতিক সংঘাত চরম আকার ধারণ করেছে। জমি দখল সংক্রান্ত ‘ভিত্তিহীন’ অভিযোগ তোলার দায়ে কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং, ভূপেশ বাঘেল এবং গৌরব গগৈয়ের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গৌরব গগৈ দাবি করেছিলেন, মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের অধীনে ১২ হাজার বিঘা জমি রয়েছে। এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বিদ্বেষপূর্ণ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী আদালতে আইনি লড়াইয়ের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।
পাল্টা আক্রমণে কংগ্রেস মুখ্যমন্ত্রীকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে কটাক্ষ করেছে। অন্যদিকে, হিমন্ত বিশ্ব শর্মা পাল্টা অভিযোগ এনেছেন যে, গৌরব গগৈ ও তাঁর ব্রিটিশ স্ত্রীর সঙ্গে পাকিস্তানি নাগরিকের গোপন যোগাযোগ রয়েছে। এই ঘটনায় আসামের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে, প্রমাণ ছাড়া অপবাদ দেওয়ার দিন শেষ এবং কংগ্রেস নেতাদের প্রতিটি অভিযোগ আদালতে প্রমাণ করতে হবে। এই সংঘাত এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।