১৮ বছরেও অমলিন অমূল্য রতনের প্রয়াস: হিলিতে দুস্থ পড়ুয়াদের হাতে উঠল নতুন বই!

দক্ষিণ দিনাজপুরের হিলিতে ১৮তম বর্ষে পদার্পণ করল বিমলা সুন্দরী মেমোরিয়াল বুক ব্যাংক। ৮ ফেব্রুয়ারি নওপাড়া তিওড় সমাজকল্যাণ সমিতির সভাকক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ২৪০ জন দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর হাতে বিনামূল্যে পাঠ্যবই ও সহায়িকা তুলে দেওয়া হয়। বঙ্গরত্ন অমূল্য রতন বিশ্বাসের হাত ধরে শুরু হওয়া এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সূচিত এই অনুষ্ঠানে বই বিতরণের পাশাপাশি নারী ও শিশু পাচার রোধে একটি বিশেষ সচেতনতামূলক শিবিরও আয়োজন করা হয়। সমাজকর্মী সূরজ দাশ শিশু সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। সংগঠনের সভাপতি অমূল্য রতন বিশ্বাস জানান, আগামী দিনেও মেধাবী পড়ুয়াদের শিক্ষায় সহায়তা করতে এই ধারা অব্যাহত থাকবে। আর্তের সেবায় এমন দীর্ঘমেয়াদী ধারাবাহিক কর্মসূচি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।