মাসে ১৫০০ টাকা নিশ্চিত! এপ্রিল থেকেই বেকারদের অ্যাকাউন্টে ঢুকবে বড় অঙ্কের ভাতা

রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তর্বর্তী বাজেটে ঘোষিত ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের সুবিধা এবার নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ ১লা এপ্রিল থেকে কার্যকর হচ্ছে। ২১ থেকে ৪০ বছর বয়সী ন্যূনতম মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ১৫ই আগস্টের পরিবর্তে নতুন অর্থবর্ষের শুরু থেকেই এই ভাতা প্রদান শুরু হবে।
আবেদন প্রক্রিয়া সহজ করতে আগামী ১৫ই থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে বিশেষ ক্যাম্প আয়োজিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র জমা দেওয়া যাবে। তবে আবেদনকারীকে অবশ্যই অন্য কোনো সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগী হওয়া চলবে না (স্কলারশিপ বাদে)। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধি এবং সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি হয়েছে।