বাবার নিথর দেহ ঘরে, চোখে জল নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে চলল ছেলে: মুর্শিদাবাদের এক আসাম লড়াই!

মুর্শিদাবাদের বড়ঞা থানার ফুলসেখর গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থী জীৎ বাগদির জীবনে নেমে এল চরম বিপর্যয়। সোমবার ভৌত বিজ্ঞান পরীক্ষার সকালেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বাবা সন্তোষ বাগদির। একদিকে পিতৃহারা হওয়ার তীব্র শোক, অন্যদিকে জীবনের প্রথম বড় পরীক্ষা—এই কঠিন দোটানায় পড়ে যায় তালঞা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রটি। শেষ পর্যন্ত বাবার স্বপ্ন পূরণ করতে চোখের জল মুছেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় সে।
খোরজুন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে জীৎকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন শিক্ষক ও সহপাঠীরা। বাবার নিথর দেহ বাড়িতে রেখেও অভাবনীয় মানসিক দৃঢ়তা দেখিয়ে পরীক্ষা সম্পন্ন করে ওই কিশোর। মানবিকতার খাতিরে পরীক্ষাকেন্দ্রের শিক্ষকরাও তাকে সবরকম সহযোগিতা করেন। শোকের পাহাড় মাথায় নিয়ে জীতের এই কর্তব্যবোধ ও লড়াইয়ের কাহিনী এখন গোটা রাজ্যের মানুষের চোখে জল এনে দিয়েছে।