বুলডোজার আতঙ্কে উত্তাল মালদা: মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ব্যবসায়ীরা, বড় আন্দোলনের হুঁশিয়ারি!

মালদায় বুলডোজার দিয়ে দোকান ভাঙার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্ত জসিম শেখ গ্রেফতার ও জেসিবিটি বাজেয়াপ্ত হলেও ক্ষোভ কমেনি ব্যবসায়ীদের। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এবার সরাসরি মুখ্যমন্ত্রী ও জেলাশাসককে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের অভিযোগ, প্রভাবশালীদের ঘনিষ্ঠ কিছু প্রোমোটার এই তাণ্ডবের নেপথ্যে রয়েছে। মূল অভিযুক্ত রাজীব শর্মা ও নেপথ্যে থাকা ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছে বণিক মহল।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পরিবার নিয়ে জাতীয় সড়কের পাশে ধর্না ও বিক্ষোভ সমাবেশের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে মাধ্যমিক ও অন্যান্য পরীক্ষা চলায় জনজীবন সচল রাখতে এখনই জেলাজুড়ে ধর্মঘট ডাকা হচ্ছে না। তবে ব্যবসায়ী সংগঠন স্পষ্ট জানিয়ে দিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে পরীক্ষা শেষ হতেই বৃহত্তর ধর্মঘটের পথে হাঁটবে তারা। আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।